Chakulia News Desk: নতুন সরকারের উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-২ ব্লক এলাকায়। চাকুলিয়া (chakulia News) এবং কানকি (Kanki News)-দুই স্থানেই চলছে জনকল্যাণ শিবির, আর সকাল থেকেই সেখানে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়।গোয়ালপোখর-২ ব্লক অফিস প্রাঙ্গণ এবং কানকি সুপারমার্কেট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই শিবিরে বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ হাজির হচ্ছেন নিজেদের সমস্যার সমাধানের আশায়। হাতে প্রয়োজনীয় নথিপত্র, আধার কার্ড, রেশন কার্ড, জমির কাগজপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে।

প্রশাসনের আধিকারিক ও কর্মীরা দ্রুততার সঙ্গে আবেদনপত্র গ্রহণ এবং সমস্যার সমাধানের কাজ করছেন। ফলে অনেকেই নিজেদের কাঙ্ক্ষিত প্রকল্পে আবেদন করতে পেরে সন্তুষ্ট মনে বাড়ি ফিরছেন।শিবিরে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি (PM-KISAN), বার্ধক্য ভাতা, আয়ুষ্মান ভারত এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প সংক্রান্ত কাউন্টারগুলিতে।স্থানীয়দের দাবি, এক জায়গায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা এবং তথ্য পাওয়ার সুযোগ হওয়ায় তাঁদের অনেক সময় ও খরচ বাঁচছে। ফলে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।এ প্রসঙ্গে গোয়ালপোখর-২ ব্লকের (Goalpokher 2 Block) বিডিও সুজয় ধর বলেন,”ক্যাম্প ঠিকই চলছে, লোকজন এসেছে, লোকের মধ্যে উৎসাহ খুবই আছে।” প্রশাসনের আশা, আগামী দিনগুলিতেও এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে আরও বেশি সংখ্যক প্রকৃত উপভোক্তার কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তথ্যগত ও ভিডিও কৃতজ্ঞতা স্বীকার: তাজা খবর