Chakulia News Desk: উন্নয়নের পথে আরও একধাপ এগিয়ে গেল চাকুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। দীর্ঘদিনের অপেক্ষা এবং একাধিক প্রচেষ্টার পর অবশেষে চাকুলিয়া স্বাস্থ্য কেন্দ্রে চালু হল ব্লাড স্টোরেজ ইউনিট। ফলে রক্তের প্রয়োজন হলে আর দূরের হাসপাতালে ছুটতে হবে না সাধারণ মানুষকে। নতুন এই পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।এদিন ব্লাড স্টোরেজ ইউনিটের (chakulia hospital news about blood storage unit) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালপোখর-২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ধর, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

অনুষ্ঠান চলাকালীন রক্তস্বল্পতায় ভোগা এক মহিলাকে রক্ত প্রদান করা হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্লাড স্টোরেজ ইউনিটের পরিষেবা শুরু হয়।এতদিন চাকুলিয়া স্বাস্থ্য কেন্দ্রে ব্লাড স্টোরেজ ইউনিট (Chakulia blood storage unit) না থাকায় জরুরি পরিস্থিতিতে রোগীদের এবং তাঁদের পরিবারের সদস্যদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বিশেষ করে প্রসূতি মা, দুর্ঘটনাগ্রস্ত রোগী কিংবা রক্তস্বল্পতায় আক্রান্ত ব্যক্তিদের জন্য দ্রুত রক্তের ব্যবস্থা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত।অনেক ক্ষেত্রেই রোগীদের ইসলামপুর বা অন্যত্র রেফার করতে হতো। ফলে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ত রোগীর পরিবারের ভোগান্তি। এবার ব্লাড স্টোরেজ ইউনিট চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরেই এই পরিষেবার দাবি ছিল। অবশেষে স্বাস্থ্য কেন্দ্রে ব্লাড স্টোরেজ ইউনিট চালু হওয়ায় সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা আরও উন্নত হবে। বিশেষ করে জরুরি চিকিৎসার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি জানান, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা আরও উন্নত ও সহজলভ্য করতে ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।প্রসঙ্গে বিধায়কের সম্পূর্ণ বক্তব্য জানতে নিচের ভিডিওটি দেখুন।