Chakulia Newsdesk: উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার অন্তর্গত সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পাগলপীর এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পরিত্যক্ত বাড়িতে খেলাধুলা করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় এক কিশোর গুরুতর আহত হয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে।স্থানীয়দের দাবি, কয়েকজন কিশোর ওই পরিত্যক্ত বাড়ির আশেপাশে খেলছিল। সেই সময় সেখানে পড়ে থাকা কয়েকটি বস্তুকে তারা বল বা খেলনার মতো কিছু ভেবে হাতে নেয়। অভিযোগ, সেগুলির মধ্যে থাকা একটি বোমা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে এক কিশোর আহত হয় এবং বিস্ফোরণের অভিঘাতে আশপাশে থাকা কয়েকটি গবাদি পশুও জখম হয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে কী ঘটেছিল? ভিডিও দেখতে নিচের ছবিটিতে ক্লিক করুন।-

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। আহত কিশোরকে দ্রুত উদ্ধার করে চাকুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিস্ফোরণে তার চোখে আঘাত লেগেছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিত্যক্ত বাড়ি থেকে দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে।
ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে বোম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে। বর্তমানে গোটা এলাকা পুলিশি নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে এবং সন্দেহজনক বস্তুগুলি পরীক্ষা করা হচ্ছে।কীভাবে ওই পরিত্যক্ত বাড়িতে এত সংখ্যক বোমা মজুত করা হয়েছিল, কারা এর সঙ্গে জড়িত এবং এর পিছনে কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে এলাকাবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
তথ্যসূত্র: “তাজা খবর” ফেসবুক পেজ।